বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবচর উপজেলা পরিষদ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
বিলুপ্তপ্রায় এ খেলায় উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণ—দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। খেলায় উপজেলা প্রশাসন দল বিজয়ী হয়।
খেলা উপভোগ করতে মাঠের দুই পাশে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। দীর্ঘদিন পর এমন ঐতিহ্যবাহী খেলা দেখে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, গ্রামীণ ঐতিহ্যের অনেক খেলাই এখন হারিয়ে যাচ্ছে। দাড়িয়াবান্ধা তার মধ্যে অন্যতম। খেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়ার পর অনেকেই এর নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না। পরবর্তীতে অনলাইন সূত্রের সহায়তায় খেলার কোর্ট প্রস্তুত করা হয়। ভবিষ্যতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত এ খেলা চালুর উদ্যোগ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম