গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
বুধবার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; এ ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষিখাতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন। বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করছে এবং তিনি একজন সংসদ সদস্য হিসেবে এলাকার কৃষকদের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
কাজী মন্টু কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য কাজী অমিত মাহমুদ, আবুল বশার হাওলাদারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/এমএল