নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, শিক্ষার্থীদের এমন কোনো কাজে যুক্ত করা উচিত নয়, যাতে তাদের মর্যাদা ক্ষুণ্ন হয়।
বুধবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় ও নবাব আশকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত বছরগুলোতে কিছু কার্যক্রম খেলার নামে আয়োজন করা হলেও তা শিক্ষার্থীদের জন্য উপযোগী ছিল না। ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসম্মত ও ইতিবাচক কার্যক্রমে যুক্ত করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, সমাজে অনেক বিত্তশালী ব্যক্তি থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের কার্যকর ভূমিকা চোখে পড়ে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানিসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এআইএস