কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাতে পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে নিজের ধানক্ষেত পাহারা দিতে যান ছাবের আহমদ। সম্প্রতি এলাকায় বন্যহাতির উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকেরা আগুন জ্বালিয়ে ও শব্দ করে ফসল রক্ষার চেষ্টা করছিলেন। সে অনুযায়ী তিনি ক্ষেত পাহারা দিচ্ছিলেন।
এ সময় হঠাৎ একটি বন্যহাতি ধানক্ষেতে ঢুকে তাকে আক্রমণ করে। পাশের জমিতে থাকা কৃষক জামাল উদ্দিন বলেন, হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে ছাবের আহমদকে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতঘরিয়া পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফজরের আজানের আগে হাতির বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে মসজিদের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল জানান, ছাবের আহমদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার বড় ছেলে মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।
বন বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজার অঞ্চলে বন্যহাতির চলাচল বেড়েছে। খাদ্যের সন্ধানে হাতিরা লোকালয়ে ঢুকে পড়ায় মানুষ-হাতি সংঘাত বাড়ছে।
ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম জানান, বন্যহাতির আক্রমণে নিহতদের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়। এজন্য নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আবেদন করতে হবে। তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/এআইএস