নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
চোরেরা ঘর থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি মোবাইল ফোনসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ করেন অভিযোগকারী।
ভুক্তভোগীরা জানান, গত ১৬ এপ্রিল বিকেলে নতুন বান্টি এলাকার বাসিন্দা জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ১৭ এপ্রিল সকালে জাকির হোসেন বাড়িতে ফিরে দেখেন ঘরের প্রধান দরজার একটি পাশ ভাঙা। ভেতরে ঢুকে তিনি আলমারি ও ওয়ার্ডরোব তছনছ করা অবস্থায় দেখতে পান। চোরেরা আলমারির ড্রয়ার ভেঙে আনুমানিক ১৭ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৮ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৫৩ হাজার টাকা মূল্যের দুটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে। এ ছাড়াও ঘর থেকে আরও প্রায় ৩০ হাজার টাকার মূল্যবান পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, এই চুরির ঘটনায় শুক্রবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।
বিডি প্রতিদিন/কেএইচটি