বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।
শুক্রবার উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি আয়োজন করা হয়। গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনটিতে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক নেতারা অংশগ্রহণ করেন।
গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরাসহ অন্যরা।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলালের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়া শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি পুরো গণমাধ্যমকর্মীদের স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ এখনও হুমকিদাতাকে শনাক্ত করতে না পারায় বক্তারা পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, অতীতে দেশে একাধিক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় আটকে আছে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে।
এ সময় তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিডি-প্রতিদিন/এমই