রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় (৩০) এবং রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা শনিবার ছোট শালমারা বিলে অন্যান্য জেলেদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে পরপর কয়েকটি বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিলন রায় ও আবু তালেবের মৃত্যু হয়। আহতদের মধ্যে গোল্ডেন মিয়া, তার স্ত্রী লিমা বেগম, মর্জিনা বেগম, জগদীশ রায়, সুবল, নিখিল, শামছুলসহ ১০ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী উজ্জ্বল মিয়া ও রাজু আহমেদ জানান, দুপুর পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক ছিল। হঠাৎ করেই প্রবল বাতাস ও বজ্রপাত শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনআরএইচ