ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বর্তমান জনবান্ধব সরকার কৃষিখাতকে উন্নতকরণ করার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষক ও কৃষির উন্নয়নে সরকার নিরলস কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘কৃষি কার্ড’ কৃষি বিপ্লবে এক নতুন মাত্রা যোগ করেছে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওইদিন দুপুরে বিজয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, চলতি বছর উপজেলায় ১৬০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে চম্পকনগর ইউনিয়নে নিবিড় মোটিভেশনের মাধ্যমে প্রায় ১৮-২০ হেক্টর পতিত জমিকে নতুন করে চাষাবাদের আওতায় আনা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের ১ হাজার ৫শ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/এমএল