মাদারীপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এরই অংশ হিসেবে সদর উপজেলায় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়া।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিবা শাবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জাহান্দার আলী মিয়া বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মোবাইল ফোনের ভালো ও খারাপ দুটি দিকই রয়েছে। তরুণ প্রজন্ম যদি খারাপের দিকে দিকে ঝুঁকে পড়ে, তাহলে তারা সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হবে।
তিনি আরও বলেন, বর্তমানে কিশোর গ্যাং ও মাদকের প্রতি আসক্তি বাড়ছে। এসব সমস্যা প্রতিরোধে শুধু প্রশাসন বা রাজনৈতিক দলের ওপর নির্ভর করলে হবে না, অভিভাবকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এবারের মেলায় সদর উপজেলার ১৫টি স্কুল ও ৩টি কলেজ অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এমই