ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যানজটের সুযোগ নিয়ে একটি প্রাইভেটকারে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও তার গাড়িচালক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপগঞ্জে কর্মরত টেক্সটাইল ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইলিয়াস খান গত শনিবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে ব্যক্তিগত প্রাইভেটকারযোগে নারায়ণগঞ্জের বাসায় ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে গাড়িটি মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন ওভারব্রিজের নিচে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ ৬-৭ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির ওপর চড়াও হয়। তারা মুহূর্তের মধ্যে গাড়ির বাম পাশের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে থাকা আরোহীদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা চাপাতি ও দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আমাকে ও আমার চালককে রক্তাক্ত জখম করে। তারা নগদ টাকা ও আইফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
হামলায় আহত ইঞ্জিনিয়ার ইলিয়াস ও চালক হৃদয়কে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় রবিবার সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএম