ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলা সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে ৬টি গ্রাম নিয়ে প্রস্তাবিত নতুন ইউনিয়নকে আখাউড়া উপজেলার সঙ্গে একীভূত করার চেষ্টার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন করা হয়েছে। আখাউড়া উপজেলার সীমানা ও জনস্বার্থ রক্ষা কমিটির ব্যানারে সোমবার সকালে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে মানববন্ধনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
উপজেলার সীমানা ও জনস্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, বীর মুক্তিযোদ্ধা নজরুল হক ধনু, সাবেক পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া, যুবদল নেতা শেখ বাবুু এবং মামুন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান।
বক্তারা বলেন, আখাউড়াবাসীর সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে সদর উপজেলার
একটি ইউনিয়ন ভেঙে ৬টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন সৃষ্টি করে আখাউড়ায় একীভূত করার চেষ্টা হচ্ছে। এতে আখাউড়ার চলমান উন্নয়ন ও প্রশাসনিক সেবা ব্যাহত হবে। আখাউড়ার উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের উদ্যোগ বাতিল করতে হবে। সরকারকে বিব্রত করতে কেউ এই কাজ করছে।
বক্তারা আখাউড়া উপজেলার সঙ্গে নতুন কোনো ইউনিয়ন সংযুক্ত না করার দাবি জানান।
পরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের এমপি এবং জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি