গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সাঁওতাল নারী-পুরুষের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে পুলিশ সুপারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, গোলাম রব্বানী মুসা, মোর্শেদ হাসান দীপন, অভিজিৎ দাস অভি, সুমন চক্রবর্তী, বিটিশ সরেন, বিমল বেসরা, রিপন বেসরা ও তৃষ্ণা মুরমু প্রমুখ।
বিডি-প্রতিদিন/এআইএস