মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২৪ হাজার ৭৩৯ জন শিশুকে টিকা দেওয়া হবে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবস এ কার্যক্রম চলবে। প্রথম তিন দিন প্রাথমিক বিদ্যালয়গুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় এনে হাম ও রুবেলা রোগ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তারা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সে জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নূরে আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুন আল রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, ডা. কানিজ ফাতেমা, ডা. লিমন দেওয়ান, ডা. সাইফুল ইসলামসহ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম