মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্যা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের মো. ওয়াদুদ মোল্যার ছোট ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর) দিয়ে পানি সেচ দিচ্ছিলেন রাসেল। কাজ করার একপর্যায়ে মোটরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি তা পরীক্ষা করতে যান। এ সময় অসাবধানতাবশত মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
রাসেলের বাবা ওয়াদুদ মোল্যা জানান, পুকুরে মাছ ধরার জন্য সাবমার্সিবল মোটর দিয়ে পানি সেচের ব্যবস্থা করছিলেন রাসেল। মোটরটি চালু করার সঙ্গে সঙ্গেই সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। রাসেল মোটরে হাত দেওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বজনরা তাকে ফরিদপুর নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাসেলকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/এআইএস