দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মামলায় রংপুরে দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী শামছুল ইসলাম (৫৫) এবং তার স্ত্রী মায়া ইসলাম (৪৫)।
সোমবার দুপুরে স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক বদরুল আলম ভূঞা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদী দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ এ তথ্য নিশ্চিত করেছেন।
শামছুল ইসলাম ডিসির স্বাক্ষর জাল করে ৩০০ শতাধিক ব্যক্তিকে অস্ত্রের লাইসেন্স পাইয়ে দেওয়া মামলার আসামি। ওই মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তাজহাট থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিসি অফিসের সাবেক অফিস সহকারী শামছুল ইসলাম ও তার স্ত্রী মায়া ইসলামের নামে মামলা দায়ের করে। চলতি বছরের ৩১ মার্চ আদালত অবৈধ সম্পদ অর্জনের মামলায় উভয়কে পৃথক দুটি ধারায় ১ বছর ও ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মানি লন্ডারিং মামলায় উভয়কে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত যাবতীয় সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকলেও সোমবার এই দম্পতি আদালতে আত্মসমর্পণ করেন।
বিডি প্রতিদিন/কেএইচটি