গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদেকুল ইসলাম নাইম শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাদেকুল ইসলাম নাইম শেখ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর এলাকার সুজা মিয়ার ছেলে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, এর আগে রবিবার রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকার কলাহাটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকার কলাহাটি এলাকা অভিযান পরিচালনা করা হয়| এসময় দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ নাইম শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আরও ২ জন আসামি পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জব্দকৃত ওইসব ইয়াবার বাজার মূল্য প্রায় ১৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি বলেন, সোমবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস