স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত আশিকুর রহমানকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লার হোমনা উপজেলা। শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম পেরিয়ে গেলেও পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে পারেনি।
এদিকে সোমবার সদরের হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চা বিদ্যালয়সহ চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা এনিয়ে বিক্ষোভ করে।
এসময় শিক্ষার্থীরা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায়ে থানা চত্বরে প্রবেশের চেষ্টা চালায় তারা। এসময় শিক্ষার্থীদের হুড়োহুড়িতে থানার প্রধান ফটকটি ভেঙে পড়ে যায়।
গত রবিবার থেকেই ধর্ষক আশিককে গ্রেফতারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের তরুণ সমাজ আন্দোলনে নামে। ওইদিন বিক্ষোভ সমাবেশ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ধর্ষক আশিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, "আসলে তারা গেটটি পরিকল্পিতভাবে ভাঙেনি। আন্দোলনরত শিক্ষার্থীরা একসঙ্গে হুড়োহুড়ি করে ভেতরে ঢুকতে গিয়ে গেটটি পড়ে যায়। তারা আল্টিমেটামের বিষয়ে কথা বলতে এসেছিল।
আসামি গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, "সন্ধান পাওয়া মাত্র তাকে ধরতে ২৪ সেকেন্ডও সময় নেবো না। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
উল্লেখ্য, সম্প্রতি হোমনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে র্ধণের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এনআরএইচ