এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রবেশপত্র হস্তান্তরের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে তারা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, রাত পোহালেই এসএসসি পরীক্ষা। কিন্তু স্থানীয় গিরিধারীপুর আদর্শ উচ্চবিদ্যালয় ৫০ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা মহাসড়কে অবস্থা নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
সোয়া এক ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধরা। পরে নিজেদের গাড়িতে করে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার জন্য নিয়ে যান ইউএনও-এসিল্যান্ড।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, সব পরীক্ষার্থীর প্রবেশপত্রের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি