রংপুরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলার ৮৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে মোট ৫৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে এসএসসিতে ২২১ জন, দাখিলে ২৮৯ জন এবং এসএসসি ভোকেশনালে ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলীসহ প্রশাসনের কর্মকর্তারা সাতগড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিকভাবে পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।
প্রথম দিনে কোনো কেন্দ্রে নকল বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা পর্যায়ে ৫টি ভিজিলেন্স টিম ও মহানগরে ২০ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করেন। পাশাপাশি পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।
চলতি বছর রংপুর জেলায় ৩২ হাজার ৪৮ জন এসএসসি, ৪ হাজার ৩৯৫ জন দাখিল এবং ৩ হাজার ৫৭৬ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসএসসি একটি দীর্ঘমেয়াদি পরীক্ষা। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এআইএস