রংপুরে গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণে তিন দফা দাবি জানিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে মোটর মালিক সমিতি।
মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
তিন দফা দাবির মধ্যে রয়েছে, জ্বালানি তেলের সঙ্গে সামঞ্জস্য করে দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় রুখতে কঠোর মনিটরিং, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে এবং পরিবহন খাতের লোকসান এড়াতে একটি ভারসাম্যপূর্ণ ভাড়ার তালিকা প্রণয়ন করা।
মোটর মালিক সমিতির নেতারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা বর্তমানে চরম আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। পরিবহনের দৈনন্দিন খরচ বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত ভাড়ায় যানবাহন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে প্রায়ই অনাকাঙ্ক্ষিত বাগবিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তারা জানান, মোটর মালিক সমিতির তিন দফা দাবি বাস্তবায়ন হলে সংকট কেটে যাবে।
এ সময় মোটর মালিক সমিতির সভাপতি আলী মো. শরিফুল আলম হিরু, সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, সহ-সভাপতি মোসহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান জিহান, কোষাধ্যক্ষ সায়দুর রহমান, সড়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম মনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই