রংপুরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মার্কেট ও শপিংমল স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের কাছে এ স্মারকলিপি দেন জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুলসহ অন্যান্য ব্যবসায়ী।
স্মারকলিপিতে ব্যবসায়ীরা জানান, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী বর্তমানে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লাগছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারাও পর্যাপ্ত সময় না পেয়ে কেনাকাটা করতে পারছেন না।
তারা আরও বলেন, বিক্রি কমে যাওয়ায় দোকান কর্মচারীদের বেতন-ভাতা এবং দোকান ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। ঈদকে কেন্দ্র করে ব্যবসার মৌসুম হওয়ায় এ সময় স্বাভাবিক সময়সূচি না থাকলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে ঈদুল আযহা পর্যন্ত মার্কেট ও শপিংমল স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ দিতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।
বিডি-প্রতিদিন/এআইএস