বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আসন্ন এসএসসি পরীক্ষা সফলভাবে আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব, স্বচ্ছ ও মানসম্মত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এসএসসি পরীক্ষা-২০২৬ যথাযথ পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
তিনি পরীক্ষার্থীদের সুবিধা, নিরাপত্তা ও নির্ভুল মূল্যায়ন নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রের সমন্বয়কারী, ইনভিজিলেটর ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ও কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
এছাড়া সভায় রেজিস্ট্রার টিএম আহমেদ হুসেইন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আবু তালেব এবং আইসিটি হেড মো. মমিনুল ইসলাম, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানরাসহ পরীক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানেরা পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় নিজ নিজ মতামত তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/এমই