নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুনা আক্তার ও নাসিমা আক্তার পলি। এ ছাড়াও সেন্টার ম্যানেজার, সেন্টার ফর সেফ মাইগ্রেশন নারায়ণগঞ্জ সদরের শর্মী আরা হোসেন মিশু, কমিউনিটি মোবিলাইজার সেন্টার ফর সেফ মাইগ্রেশন সোনারগাঁ উপজেলার মো. আতিক হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি আয়োজন করে উন্নয়ন সংস্থা ব্রাক। কর্মশালায় বক্তারা মানব পাচার ও অবৈধ অভিবাসনের ঝুঁকি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিকর দিক এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে তরুণসমাজকে সচেতন করা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/কেএইচটি