সুন্দরবন এলাকায় দস্যুদমনে কোস্টগার্ডের নেতৃত্বে চলমান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আব্দুস সামাদ মোল্লা (৩৫) নামে এক বনদস্যুকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি দুর্ধর্ষ বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে পূর্ব সুন্দরবনের নন্দবালা খালসংলগ্ন গহীন জঙ্গল থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, আটক সামাদ মোল্লা দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সুন্দরবনের জেলে, বাওয়ালী ও মৌয়ালদের নির্যাতন, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং জিম্মি করে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যাঙ্গ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ বনদস্যুকে আটক করা হয়েছে।
আটক বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবন পুরোপুরি দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বিডি প্রতিদিন/এনআরএইচ