দিনাজপুর অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে কোতোয়ালী থানার পুলিশ চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ঠান্ডু মন্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক পাচারের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন মাদক কারবারী পালিয়ে যায়। পরে মো. ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে কমলা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে বাদামী কসটেপে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার ঠান্ডু মন্ডল বিভিন্ন জনের কাছ থেকে মাদক সংগ্রহ করে পাচার করতো। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আরকে