নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ভাড়া বাসা থেকে বর্ষা আক্তার (২০) নামে এক গৃহবধূর মুখ ও পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ মে) রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী এলাকার মামা-ভাগিনা গলিতে মুহিদুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বর্ষা আক্তার বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, দুইদিন আগে বর্ষার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা বিষয়টি তাদের জানান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বর্ষার মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখ ও পা বাঁধা ছিল এবং গলা কাটা অবস্থায় পাওয়া যায়।
পরিবারের সদস্যরা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বর্ষা মামুন ওরফে রুবেলকে দ্বিতীয় বিয়ে করেন। তবে সাম্প্রতিক সময়ে স্বামীর আসা-যাওয়া কম ছিল। প্রায় দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল বলে দাবি পরিবারের।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন খালাসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ