খাগড়াছড়ির পানছড়ির ইসলামপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য মোঃ ইমন হোসেন (২৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, মোঃ ইমন হোসেন তাদের দলের সহযোগী সদস্য ছিলেন। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন।
তবে এ বিষয়ে ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, পানছড়ির ইসলামপুরে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পোস্টমর্টেমের জন্য।
বিডি প্রতিদিন/আশিক