চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রির সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দুইজনকে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের উপকারের কথা বলে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এআইএস