মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমির হোসেন কসাইকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৯ মে নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনায় আমির হোসেন কসাই আহত হওয়ায় তাকে পুলিশ পাহারায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রধান আসামিকে আটক করা হলেও অন্য জড়িতদের গ্রেফতারে মাঠে কাজ করছে একাধিক টিম। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে আহত আসামিকে হাসপাতালে নেওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান, আমির হোসেন কসাই পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ১ নং আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ২০২৪ সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের বালুচর বাজারে আমির হোসেন কসাই এর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ধরতে গেলে ডিবি পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। আমির হোসেন কসাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম