বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি ও এর সুফল নিয়ে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল।
ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ইশতেহার ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় সরকার গঠন করে কৃষি, নারী উন্নয়ন ও পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ অভিযান, কৃষকদের জন্য স্মার্ট কার্ড এবং কৃষি ঋণ মওকুফ অন্যতম।
আরও বলা হয়, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে ২০ হাজার ৬৭১ জন কৃষক প্রাথমিকভাবে সুবিধা পাবেন। ১৬ মার্চ থেকে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট খাল ও জলাধার পুনঃখনন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত গণপরিবহণ বা বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করতে খরচ হয়েছে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক হোসেন রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
ব্রিফিংয়ে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই