গাইবান্ধা সদরের শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম হাসান লিমন শেখকে (২১) গ্রেফতার করেছে র্যাব। হত্যাকান্ডে মামলা দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহিম হাসান লিমন শেখ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার জহুরুল ইসলাম শেখের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বসতবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু কুলসুম স্থানীয় সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। তার মা রোজিনা বেগম অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। গ্রেপ্তার লিমন শেখ ও শিশু কুলসুমের প্রতিবেশী। সেইসুবাধে প্রায়ই লিমন শেখ শিশুটির বাড়িতে যাতায়াত করতো এবং তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি উত্যক্ত করতো। এতে ঘটনার কয়েকদিন আগে শিশুটির সাথে লিমন শেখের তর্কাতর্কি হয়।
এরপর ২০২৫ সালের ২৪ নভেম্বর এক প্রতিবেশী বাড়িতে আসলে কুলসুমকে শয়নকক্ষের বাঁশের ধরণার সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ওইদিনই সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হলেও পরে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় শিশু কুলসুমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য লাশ ঝুলিয়ে রাখা হয়। পরে চলতি মাসের ১২ মে দিবাগত রাতে শিশুটির মা রোজিনা বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার এক আভিযানিক দল ১৩ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা সদর উপজেলার খামার বল্লমঝাড় গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় নিজ বসতবাড়ী থেকে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে লিমন শেখকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম