ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে সংস্কারে কাজের কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে সড়কে সৃষ্ট যানজটে ভোগান্তি পোহান যাত্রীরা।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় সড়ক সংস্কারের কাজ শুরু হয়।
স্থানীয়রা জানায়, সড়কের ক্ষতিগ্রস্থ অংশ সংস্কারের জন্য কাজ শুরু হয়েছে। কাজের কারণে মহাসড়কের কিছু অংশে যান চলাচল সীমিত হওয়ায় যানবাহনগুলোকে ধীরে চলতে হচ্ছে। বিশেষ করে যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
যাত্রী ও পথচারীদের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন চালকরা। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, রাস্তায় কাজ করার কারণে মহাসড়কে কিছু অংশে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।
বিডি প্রতিদিন/আরকে