পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তেতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে| পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে| নিহত সালেহা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী| তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন|
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতের পাশে গরু বাঁধতে যান সালেহা খাতুন| বেলা ১১টার দিকে ক্ষেতের কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়| তার চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান| পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন| তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়|
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, রোগীর পালস আমরা পেয়েছিলাম| তাকে ব্যাথা সহ প্রয়োজনীয় চিকিৎসা, এন্টিভেনম দেয়া হয়েছিল| তবে রক্তের পেশার তেমন ছিল না| পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে| সাপটি বিষধর ছিল| তবে কি সাপ তা বোঝা যায় নি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম