পাহাড়ে পশুর হাটে বেড়েছে অজ্ঞান পার্টির আতঙ্ক। এরই মধ্যে নিঃস্ব হয়েছে দুইজন খামারি। তারা হলেন- মো. সলিমুল্লাহ ও বিকাশ চাকমা। সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাপ্তাহিক পশুর হাটে এ ঘটনা ঘটে। প্রতারক চক্রের পালায় পড়ে পশু বিক্রির ২ লাখ ৪১ হাজার টাকা হারিয়েছেন তারা। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় স্থায়ীদের মাঝে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে এরই মধ্যে প্রায় সাপ্তাহিক হাটে বসছে পশুর হাট। স্থানীয় খামারিরা কোরবানি ঈদকে সামনে রেখে হাটে নানা জাতের পাহাড়ি পশু নিয়ে আসে। একই ভাবে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের বিকাশ চাকমাও নিয়ে আসেন তার পালিত গরু। বিক্রি করেন এক লাখ ৮০হাজার টাকায়। অন্যদিকে একই উপজেলার মাস্টার পাড়ার মো. সলিমুল্লাহও নিজের পালিত গরু নিয়ে আসেন হাটে। গরু বিক্রি করেন ৬১ হাজার টাকায়। কিন্তু গরু বিক্রি করার আনন্দটা বেশি সময় থাকলো না তাদের। বিকাশ চাকমা ও সলিমুল্লাহ পড়েন এক প্রতারক চক্রের হাতে। পশুর হাটের নীরব স্থানে নিয়ে অজ্ঞান করে দু’জন থেকে হাতিয়ে নিয়ে যায় পশু বিক্রির প্রায় ২ লাখ ৪১ হাজার টাকা। দীর্ঘক্ষণ পর বিকাশ চাকমার জ্ঞান ফিরে আসলেও ৭০ উর্ধ্ব সলিমুল্লাহ পড়ে ছিল অজ্ঞান অবস্থায়। পরে স্থানীয়রা তাদের এমন অবস্থা দেখে দ্রুত নিয়ে যায় বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে। জ্ঞান ফেরার পর কিছুই বলতে পারছিলেন না তারা।
রাঙামাটির বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত চলছে। হাট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন