কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোরশেদকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গোয়ালগাঁও গ্রামের মৃত রাজামিয়ার ছেলে ফয়সাল (৩৫)। অভিযুক্ত মোরশেদ তার আপন বড় ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন অভিযুক্ত মোরশেদের স্ত্রী। বুধবার দিবাগত রাতে তিনি নাইট শিফটে ডিউটি করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। সকালে ঘরের পাশে শিশুরা হইহুল্লোড় করলে মোরশেদ ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাঘাত হচ্ছে বলে তাদের বকা দেন। এ সময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা দুজনই বাড়ি থেকে বের হয়ে যান।
দুপুর দেড়টার দিকে দুই ভাই পুনরায় বাড়ি ফিরে আবারও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মোরশেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাই ফয়সালকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আটক করা হয়। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কেকে