বান্দরবানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মং নু মংকে (৭১) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শুক্রবার (১৫ মে) সকালে র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল বান্দরবান সদর থানার লুইলান পাড়া নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মং নু মং। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় মং নু মংকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এনআরএইচ