পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে এবার একসঙ্গে একই খামারে দেখা মিলল এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। তারা বেড়ে উঠেছে একসঙ্গে। আর এই ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’কে দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ।
এলভিনো জাতের একটি মহিষের মাথায় স্টাইলিশ বা অদ্ভুত চুলের স্টাইলের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে নাম রেখেছেন খামারের রাখলরা। সেইসঙ্গে অতিরিক্ত রাগী ও নিজ থেকে ঝগড়াটে হওয়ার কারণে আরেকটি মহিষের নাম রাখা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামানুসারে।
নারায়ণগঞ্জের বন্দরের এসএস ক্যাটল নামের অ্যাগ্রো ফার্মটিতে বেড়ে ওঠা ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশাপাশি অনেক ক্রেতাও দেখে যাচ্ছেন তাদেরকে। ফার্মটিতে বিদেশি জাতের মহিষ ছাড়াও দেশি ও বিদেশি জাতের কয়েকশ গরু ও ভেড়া রয়েছে।
এসএস ক্যাটল অ্যাগ্রো ফার্মের রাখাল রাসেল বলেন, মাথার চুলের কারণে একটি মহিষের নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আরেকটি মহিষ আছে যেটা শুধু শুধু রাগ দেখায়। নিজে ইচ্ছে করে অন্য মহিষের সঙ্গে লড়াইয়ে যায়। সেইসঙ্গে লড়াই শেষে আবার পরাজিত হয়। যে কারণে তার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। তাদের খাবারও অনেক স্পেশাল। তারা ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করে। তাদের নাম ছড়িয়ে পড়ায় অনেকেই দেখতে আসছেন।
সাদিয়া রহমান নিহা নামে একজন দর্শনার্থী বলেন, এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর নাম শুনে আসছি। এবার খামারে এসে তাদের দেখতে পেলাম। তাদের দেখে বেশ অবাক লাগছে। দেখে তাদের অনেক ভালো লেগেছে। মহিষগুলো দেখতে অনেক সুন্দর।
এসএস ক্যাটল অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মেহেনুমা মেহজাবিন বলেন, আমরা অনেক দিন ধরেই খামার পরিচালনা করে আসছি। আমাদের এখানে অনেক ধরনের পশু রয়েছে। তারই অংশ হিসেবে আমরা এলভিনো জাতের মহিষ লালনপালন করছি। নামগুলো রাখালরা দিয়ে থাকেন। আমরা এখনো এসব নাম দিই না। এই মহিষগুলো একটু অন্যরকম। তাই খামারের রাখালরা তাদের আগ্রহ থেকে এ সকল নাম দিয়ে থাকেন।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, খামারিরা তাদের আগ্রহ থেকে এ সকল নাম দিয়ে থাকে। জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে। সেইসঙ্গে কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব টিম অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা প্রদানের দায়িত্ব পালন করবে।
বিডি প্রতিদিন/কেএইচটি