নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে সাহিত্য চক্রের ৪০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে সকাল সোয়া ৯টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা আয়োজন কর হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক ড. তারিক মনজুর। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. অশোক বিশ্বাস।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি এম. মনসুর আলী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী, কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সমালোচক প্রফেসর খৈয়ম কাদেরসহ অনেকে। এছাড়া কবি ইফতেখার আলম ফরহাদ, মামুন চৌধুরী, কুলছুম শেলী ও মো. গোলাম রসুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিবর্ণ।
এ সময় সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আট গুণিজনকে সাহিত্য চক্রের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/এমই