পটুয়াখালীর কলাপাড়ায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে শিশুখাদ্য ড্রিংকো জুস তৈরির দায়ে মাসুদ সিকদার (৩৫) নামের এক কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের করাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে এ করাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
পরে ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জনসম্মুখ্যে পেভার মেশিন দিয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
জানা গেছে, মাসুদ সিকদার ‘কালার ফুল’ নামে কোম্পানির নামকরণ করে কারখানা স্থাপন করে। পন্যের নাম দেয়া হয় ড্রিংকো জুস। যা দীর্ঘ দিন ধরে বাজারজাত করে আসছিলেন। এসব নকল কোমল পানীয় শিশুসহ মানুষের হার্ড, লিভার, কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছেন পরিবেশবিদরা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে খাদ্যদ্রব্য কিংবা নিত্য প্রনোজনীয় সামগ্রী তৈরীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম