নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানামনগরী-সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় সংস্কৃতিকর্মী, কবি, লেখক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক পানামনগরীকে ঘিরে ছিল পঙ্খিরাজ নদী, যা এখন পঙ্খিরাজ খাল হিসেবে পরিচিত। এ নদী ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম। এটি ব্যবহার করেই প্রাচ্য ও পাশ্চাত্যে বিশ্বখ্যাত মসলিন কাপড় রফতানি করা হতো। বর্তমানে নদী দখলের কারণে এটি বিলুপ্তির পথে। দ্রুত এ ঐতিহাসিক নদীটিকে পুনঃখনন করে সংরক্ষণের দাবি জানানো হয় মানববন্ধনে।
বক্তারা বলেন, সোনারগাঁয়ে পঙ্খিরাজ নদীসহ অন্যান্য খাল ও জলাশয়গুলো ভরাট ও দখলের কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্যসচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো. মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এরশাদ হুসাইন অন্য ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি