ময়মনসিংহের ফুলপুর উপজেলায় খড়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং একই গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ভাট্টা গ্রামের মৃত হাজী জুনাব আলীর কবরের পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা পিডিপির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) একটি সচল তারের সাথে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরশব আলীও তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় বাসিন্দা এমদাদ হোসেনসহ প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম