ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও যশোর হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি’ প্রতিপাদ্যে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে বেনাপোল কাস্টমস ক্লাবে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এম এ রশিদ, অ্যাডভাইজার, কার্ডিয়াক প্রজেক্টস এবং প্রফেসর অব কার্ডিওলজি, যশোর হার্ট ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এস এম হুমায়ুন কবির, প্রাক্তন সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড; লাইফ মেম্বার, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যাডভাইজার, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। আরও উপস্থিত ছিলেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো. মুশফিকুর রহমান।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। এ রোগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। সুস্থ মানুষের রক্তচাপ ১১০/৮০ এর মধ্যে থাকা ভালো, তবে বয়সভেদে তা সামান্য পরিবর্তিত হয়ে ১৩০ পর্যন্ত হতে পারে। রক্তচাপ মাপার অন্তত ৩০ মিনিট আগে চা বা কফি পান না করা এবং কমপক্ষে ৫ মিনিট চেয়ারে বসে বিশ্রাম নেওয়ার পর রক্তচাপ পরিমাপ করা উচিত।
তারা আরও বলেন, নিয়মিত হাঁটা, নিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি বেশি পরিমাণে শাকসবজি খাওয়ার পরামর্শ দেন তারা। কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা হৃদরোগে মৃত্যুহার কমাতে সিপিআর প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। সেমিনার শেষে ১০ জন সিঅ্যান্ডএফ এজেন্ট মালিক ও ১০ জন কর্মচারীকে সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ডা. প্রদ্বীপ কুমার সরকার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন মুগদা হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. শামীমা আক্তার, যশোর হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি চিন্ময় সাহা, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোস্তাক হোসেন শিম্বা, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাঈদ আহমেদ রুবেলসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/এমএল