নেত্রকোনায় মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন দুই নারীসহ মোট ৪২ জন। মাসব্যাপী নিয়োগ কার্যক্রম শেষে চূড়ান্ত ফল প্রকাশের সময় আবেগে ভেঙে পড়েন চাকরি প্রত্যাশীরা।
রবিবার (১৭ মে) দিনব্যাপী ১১৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে মুক্তিযোদ্ধা কোটায় দুজনসহ মোট ৪২ জন উত্তীর্ণ হন। এর মধ্যে দুইজন নারীও রয়েছেন।
চূড়ান্ত ফল প্রকাশের পর আনন্দে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কেউ কৃষকের সন্তান, কেউ শ্রমিক পরিবারের সদস্য—সবার চোখেমুখেই ছিল দীর্ঘ প্রতীক্ষার সফলতার ছাপ।
একজন প্রার্থী সরকারি শিশু পরিবার (এতিমখানা) থেকে অংশ নেন, যার মা গার্মেন্টসে কর্মরত। অনেকে গতবার ব্যর্থ হলেও এবার সফল হয়েছেন। ফলে পুরো পরিবেশে আনন্দঘন আবহ সৃষ্টি হয়।
জেলা পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও মুখপাত্র) হাফিজুল ইসলাম, সদর সার্কেল স্বজল কান্তি সরকারসহ অন্যান্য কর্মকর্তারা। তারা জানান, সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। মোট ৩,১০৮টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ধাপ অতিক্রম করে সর্বশেষ ৪২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
রাতেই উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেয় জেলা পুলিশ প্রশাসন।
বিডি-প্রতিদিন/এমএল