দেশের অর্থনীতিতে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ রক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ইলিশের বংশবৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে ক্ষতিকর জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে।
আজহারুল ইসলাম ম্যাজিক জাল, কারেন্ট জাল ব্যবহার না করতে এবং জাটকা (ছোট ইলিশ) না ধরার জন্য স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের প্রতি জোরালো অনুরোধ করেন। তিনি বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ, একে রক্ষা করার দায়িত্ব সবার।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।
বক্তারা টেকসই মৎস্য চাষের গুরুত্ব এবং অর্থনীতিতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ সময় কর্মশালায় স্থানীয় মৎস্যজীবী, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই