নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক মাদরাসার প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন। সোমবার দুপুরে নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মুগবুল আহমেদের ছেলে। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও মুহতামিম ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিকিৎসা শেষে স্ত্রী ও সন্তানদের নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহতরা হলেন তার স্ত্রী তামান্না রহমান (৪৫) এবং দুই সন্তান। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তারা পথচারী ছিলেন। ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।”
বিডি প্রতিদিন/এনআরএইচ