ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পৌরশহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের আহ্বান জানান।
বক্তারা বলেন, অপরিকল্পিত যান চলাচল ও তীব্র যানজটের কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ ছাড়া পৌরশহরের কালন্দি খাল আবর্জনামুক্ত করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাদের মতে, খালে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।
সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম, উপজেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসেন ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান এবং প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এনআরএইচ