ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে নকল কসমেটিকস পণ্য তৈরির অভিযোগে রেজাউল মাতুব্বর (৪৫) নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল পণ্যগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
সোমবার (১৮মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চণ্ডিদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এর প্রেক্ষিতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় নকল কসমেটিকস পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং উক্ত বিল্ডিংয়ে কসমেটিকস উৎপাদনের সকল কার্যক্রম বন্ধ করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন সরদার। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানার পুলিশ সদস্যদের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, জনস্বাস্থ্যের জন্যে হুমকিস্বরূপ ভেজাল ও নকল কসমেটিকস পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি