ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ‘কৃষিই সমৃদ্ধি’ এ শ্লোগানে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে শুরু হয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, গণমাধ্যমকর্মী ইমরান মুন্সী ও ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের লোচনগঞ্জ গ্রামের কৃষাণী পারুলী আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ চাষি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা উত্তম কৃষি চর্চার গুরুত্ব তুলে ধরে নিরাপদ ও পুষ্টিসম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিত করার উপর আলোকপাত করেন।
এ সময় কৃষকদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, পরিবেশ সহনশীল ফসল উৎপাদন নিশ্চিতকরণ এবং চাষিদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণ সাধণের দিকটি তুলে ধরা হয়। এছাড়া পরিবেশ সুরক্ষা, পরিস্কার-পরিচ্ছন্নতা, কৃষি কর্মীর স্বাস্থ্য তথ্যাদি সংরক্ষণ, ফসল ও কৃষকের সার্টিফিকেট প্রদান ও লোগো ব্যবহার, প্রশিক্ষণ, বাজার নিশ্চিত করা ও মনিটরিং এর বিষয় তুলে ধরা হয়েছে।
বিডি-প্রতিদিন/জেডআর