ভাঙ্গায় ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’-এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।
বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে শুরু হয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান। এ ছাড়া বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী ইমরান মুন্সী ও ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের লোচনগঞ্জ গ্রামের কৃষাণী পারুলী আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ চাষি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উত্তম কৃষিচর্চার গুরুত্ব তুলে ধরে নিরাপদ ও পুষ্টিসম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিত করার ওপর আলোকপাত করেন। এ সময় বক্তারা পরিবেশ সহনশীল ফসল উৎপাদন নিশ্চিতকরণ এবং চাষিদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণ সাধনের দিকটি তুলে ধরেন। এ ছাড়া পরিবেশ সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কৃষিকর্মীর স্বাস্থ্য তথ্যাদি সংরক্ষণ, ফসল ও কৃষকের সার্টিফিকেট প্রদান ও লোগো ব্যবহার, প্রশিক্ষণ, বাজার নিশ্চিত করা ও মনিটরিংয়ের বিষয়গুলো তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি