‘ফায়ার সার্ভিস এমন একটি বিভাগ যেখানে কোনো মিনিট নেই, সেকেন্ড নেই, নির্দিষ্ট কোনো কর্মঘণ্টাও নেই। তারা ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত একটি নিবেদিত প্রাণ বিভাগ’— এমন মন্তব্য করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বুধবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে উদ্বোধন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
জেলা প্রশাসক বলেন, অন্যান্য বিভাগের তুলনায় ফায়ার সার্ভিসের দায়িত্ব ও কাজ সম্পূর্ণ আলাদা। যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ান। তিনি মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের বিভিন্ন উদ্ধার অভিযানেরও প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস—উভয় বিভাগই সবসময় জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় দুই বিভাগের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে মানুষের সেবায় কাজ করেন। কোনো উদ্ধার অভিযানে জীবিত মানুষকে উদ্ধার করতে পারলে সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও জানান, কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং সদস্যরা ২৪ ঘণ্টা প্রস্তুত থাকেন।
এসময় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় ব্যবহৃত ফায়ার সার্ভিসের বিভিন্ন উদ্ধার সরঞ্জাম পরিদর্শন করেন। এসময় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতির কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। পরে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিংবা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে তা দ্রুত ও নিরাপদভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী দেখান।
বিডি-প্রতিদিন/এমএল